![]() |
| খাগড়াছড়িতে জামায়াত-বিএনপি সংঘর্ষ | ছবি: সংগৃহীত |
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের পানছড়ি উপজেলা আমির জাকির হোসেনসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলা সদরের জিয়া স্কয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ওভারটেকিং নিয়ে তর্কের জেরে ঘটনার সূত্রপাত হয়, যা পরবর্তীতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিনহাজুর রহমান অভিযোগ করেন, দুপুরে পানছড়ি বাজারের জিয়া স্কয়ার এলাকায় উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আল-আমিনের নেতৃত্বে একদল যুবক আকস্মিকভাবে উপজেলা আমির জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের উল্টাছড়ি ইউনিট সভাপতি সৈয়দ মজনুর ওপরও হামলা করা হয়।
অন্যদিকে, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন জানান, মোটরসাইকেল ওভারটেকিংয়ের মতো একটি সাধারণ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে তাদের ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ দুই কর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে জাকির হোসেনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত সৈয়দ মজনুকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
