| মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। |
সংসদ সদস্য হানজালা তাঁর বক্তব্যে বলেন, বাংলার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের প্রতিনিধি হিসেবে তিনি সংসদে কথা বলছেন। তিনি দাবি করেন, যারা রাসুল (সা.)-কে শেষ নবী হিসেবে স্বীকার করে না, তাদের আইনি প্রক্রিয়ায় ‘অমুসলিম’ ঘোষণা করা সময়ের দাবি। এই দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়টি আইনিভাবে নিষ্পত্তি করতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
একইসঙ্গে তিনি মহানবী (সা.)-এর শানে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে দ্রুত নতুন আইন পাসের আহ্বান জানান।
বক্তৃতায় তিনি ‘হাদি হত্যার’ প্রসঙ্গ টেনে আনেন। ইনসাফ ও ন্যায়ের পক্ষে কথা বলায় এক যুবককে প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের বিচার না হলে রাজপথে আন্দোলনকারীদের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়বে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
নিজ নির্বাচনী এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে মাদক কারবারিরা ধরা পড়লেও আইনের ফাঁকফোকর দিয়ে দ্রুত জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে লিপ্ত হচ্ছে। মাদকের বিরুদ্ধে বিদ্যমান আইন আরও কঠোর ও শক্তিশালী করতে তিনি আইনমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।