নতুন দফায় বাড়ল এলপিজির দাম, প্রতি সিলিন্ডারে খরচ বাড়ছে বড় অংকে। ছবি: সংগৃহীত
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বৃদ্ধির এই ঘোষণা দেয়, যা সন্ধ্যা থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রতি সিলিন্ডারে দাম বাড়ল ২১২ টাকা।
রান্নার গ্যাসের পাশাপাশি পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। অর্থাৎ লিটারপ্রতি অটোগ্যাসের দাম বেড়েছে ৯ টাকা ৭৩ পয়সা।
বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ও পরিবহনে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি সংকট ও জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প পথে আমদানিতে সময় ও জ্বালানি খরচ অনেক বেড়েছে। এছাড়া বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি পাওয়ায় এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকৃত গ্যাসের জাহাজ ভাড়া ও প্রিমিয়াম চার্জ প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাবেই দেশীয় বাজারে দামের এই বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কমিশন।